স্বর্ণের মূল্য নির্ধারণ নিয়ে ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার (১৬ আগস্ট) বাজুসের নির্বাহী সচিব খালেদ আকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, দেশে স্বর্ণের দাম বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে কোনো ব্যক্তির এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। যেহেতু বাংলাদেশ সম্পূর্ণভাবে সোনা আমদানিনির্ভর দেশ, তাই আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার ওপর ভিত্তি করেই স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে দ্রুততম সময়ে স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়। একইভাবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে সে অনুযায়ী দেশের বাজারেও সোনার দাম কমানো হয়।
সোনার মূল্য নির্ধারণ ও তদারকির জন্য বাজুসে ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ নামে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে এই কমিটির মাধ্যমেই দেশে সোনার দাম নির্ধারণ ও তদারকির বিষয়টি পরিচালিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের সাম্প্রতিক বক্তব্যের ফলে জনমনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা দূর করতেই এই ব্যাখ্যা প্রদান করল সংগঠনটি।