বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বগুড়া জেলা শাখার ২০২৬–২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন স্বর্ণমহল জুয়েলার্সের স্বত্বাধিকারী মতিউর রহমান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাইফা জুয়েলার্সের স্বত্বাধিকারী এম এ রাশেদ।
গত ১২ আগস্ট অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ২৫ সদস্যের নতুন কমিটির মধ্যে ১৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আজ রোববার জুয়েলার্স সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন কমিটির ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হাসান জুয়েলার্সের স্বত্বাধিকারী মেহেদী হাসান ও সিয়াম জুয়েলার্সের স্বত্বাধিকারী রবিউল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দি নিউ আল আমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী ফিরোজ আহমেদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইরানী জুয়েলার্সের স্বত্বাধিকারী মনির হোসেন।
এছাড়া যুগ্ম সম্পাদকের তিনটি পদে জয়ী হয়েছেন ভাই ভাই জুয়েলার্সের স্বত্বাধিকারী ফরিদ মাহমুদ, নিউ রিমা জুয়েলার্সের স্বত্বাধিকারী আবু সাহান রাশেদ ও হিরু জুয়েলার্সের স্বত্বাধিকারী মোশারফ হোসেন। অন্যদিকে, কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ডায়মন্ড জুয়েলার্সের স্বত্বাধিকারী গোলাম রসুল রয়েল।