রাজধানী ঢাকায় নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিসি এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, গোলাপি রঙের এই বাসগুলোতে চালক এবং কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত থাকবেন এবং সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
বিআরটিসি সূত্রে জানা গেছে, পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নারীদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এই বিশেষ বাসগুলো চলাচল শুরু করবে।