গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হওয়া দুই তরুণীকে ছয় মাস আগের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ রোববার তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।
আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত ওই দুই তরুণীর নাম জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত (২১) ও সুমা বড়াল ওরফে ডলি (২৯)।
পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবুল বাশার আবদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক আবু সোলায়মান সুমন আদালতে দাখিল করা আবেদনে মামলার বিবরণ উল্লেখ করেছেন। অভিযোগ অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ২৭ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন সদস্য ধানমন্ডির ৩ নম্বর রোডে প্ল্যাকার্ড হাতে সরকারবিরোধী মিছিল করার জন্য সমবেত হচ্ছেন। সোয়া ৬টার দিকে পুলিশ সেখানে পৌঁছে কয়েকজনকে আটক করে, বাকিরা পালিয়ে যায়। আটক আসামিরা পুলিশের কাছে স্বীকার করেন যে, বাংলাদেশ সরকারকে উৎখাতের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে তাঁরা সেখানে সমবেত হয়ে মিছিল করছিলেন।
এই ঘটনার প্রেক্ষিতে ধানমন্ডি থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। সেই মামলায় গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে আটক হওয়া দুই তরুণীকে আজ গ্রেপ্তার দেখানো হয়।
আদালতে শুনানির সময় জান্নাতের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এবং সুমা বড়ালের পক্ষে আইনজীবী লিটন মিয়া জামিনের আবেদন জানান। তবে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আইনজীবী লিটন মিয়া বলেন, "ছয় মাস আগের মামলায় গতকাল আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে তাঁদের নাম ছিল না।"