রংপুর নগরীর পূর্ব শালবন এলাকায় একটি ছাত্রী নিবাস থেকে মিমতাজ খাতুন (২১) নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ছাত্রী নিবাসের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিষয়বস্তু প্রকাশ করেনি পুলিশ।

মিমতাজ খাতুন রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ঢুবনি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। তাঁর মায়ের নাম মঞ্জুয়ারা বেগম।

পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব শালবন এলাকার ওই ছাত্রী নিবাসে থেকে মিমতাজ লেখাপড়া করতেন। আজ দুপুরের দিকে তাঁর সাড়া না পেয়ে সহপাঠীরা তাঁকে ডাকতে গেলে সাড়া পাওয়া যায়নি। পরে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রী নিবাসের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, ‘দুপুর ১২টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার একটি নোট উদ্ধার করা হয়েছে। নোটে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তদন্তের স্বার্থে আপাতত নোটটির বিষয়বস্তু প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।