দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধরের অভিযোগের মুখে কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফজলে রাব্বীকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পরিষদের ডাকবাংলোয় নিজের আবাসিক কক্ষে হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ এবং পরিচ্ছন্ন শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী আনারুল ইসলামকে মারধর করেন ফজলে রাব্বী। ঘটনার পর ভুক্তভোগী ওই দুই কর্মকর্তা-কর্মচারী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে যান। অভিযুক্ত ফজলে রাব্বীকে সিইও পদ থেকে অপসারণ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা। এর ফলে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
ঘটনার পর কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ অভিযুক্ত ফজলে রাব্বীর বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং একই দিনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠান।
কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা জানান, জেলা প্রশাসকের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে দুই দিনের মধ্যেই স্থানীয় সরকার বিভাগ ফজলে রাব্বীকে প্রত্যাহারের আদেশ দেয়। বর্তমানে তাকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।