হবিগঞ্জের বানিয়াচঙে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ নিয়ে সৃষ্ট উত্তেজনার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রেদওয়ান তালুকদার। শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি এই ক্ষমা প্রার্থনা জানান।

ভিডিও বার্তায় রেদওয়ান তালুকদার বলেন, "গত ১৩ আগস্ট বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী আপুর সঙ্গে আমরা বা আমাদের পক্ষ থেকে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।"

তিনি আরও উল্লেখ করেন, "আমাদের কোনো আচরণ বা কর্মকাণ্ডের কারণে একজন সরকারি কর্মকর্তার প্রতি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকলে তার জন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। আশা করি, আমাদের ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।"

উল্লেখ্য, গত ১৩ আগস্ট বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ করেন একদল ব্যক্তি। এই বিক্ষোভের একপর্যায়ে কার্যালয় এলাকায় হট্টগোলের সৃষ্টি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি পুরো বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে এই অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।