দেশের উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আয়োজিত প্রথম জনসভায় উপস্থিত হয়ে তিনি এই আহ্বান জানান।

জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, "জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। এই সমর্থন দিয়ে আপনারা আস্থা রেখেছিলেন বিএনপির ওপরে। পরিষ্কারভাবে বলে দিতে চাই, ইনশাআল্লাহ আপনারা আস্থা ধরে রাখুন। বিএনপি আপনাদের সঙ্গে ছিল, বিএনপি বাংলাদেশের জনগণের পাশে আছে এবং জনগণের পাশে থাকবে।"

তিনি আরও জানান, বিএনপি যতদিন টিকে থাকবে, ততদিন দেশের মানুষের জন্য কাজ করে যাবে। তারেক রহমান স্পষ্ট করে বলেন, "বিএনপি কখনও দেশ এবং জনগণের স্বার্থের বাইরে কাজ করবে না।"

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "কিছু ব্যক্তি রাস্তায়-রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়। তাদের চাকরি-বাকরি ক্ষতিগ্রস্ত হয়। তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু উপকৃত হয় বিশৃঙ্খলাকারী।"

এই পরিস্থিতিতে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "আজকে শপথ গ্রহণ করি, সবাই প্রতিজ্ঞা করি যে, দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণ জনগণের সব শক্তি নিয়ে প্রতিরোধ করবে।"

দেশের বর্তমান পরিস্থিতি ও জনগণের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, "দেশের মানুষ এখন দেশের শান্তি চায়। দেশের মানুষ এখন আইনের শাসন চায়। দেশের মানুষ কর্মসংস্থান চায়। তার সন্তানদের জন্য শিক্ষা চায়, পরিবারের জন্য স্বাস্থ্য ব্যবস্থা চায়। এই কাজগুলো করতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ব্যাপারে।"

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি ওয়েলফেয়ার স্টেট গঠন করা, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা এবং সে কারণে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করছি। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি শুরু করেছি, যা আপনাদের সামনে তুলে ধরেছি।"

পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে তিনি বলেন, "আপনারা যে সমর্থন দিয়েছিলেন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে, সেই সমর্থনের ওপরে আস্থা ধরে রাখুন।"