নির্বাচন কমিশন (ইসি) এখনো পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেনি, তবে তার আগেই একক মেয়র প্রার্থী চূড়ান্ত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণিয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রামবাসী। গ্রামের একটি সংগঠনের সভাপতি নির্বাচনের আড়ালে মূলত আগামী পৌর নির্বাচনে দেবগ্রামের একক প্রার্থী নির্ধারণ করা হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেবগ্রাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে এই বিশেষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে গ্রামের প্রায় ৩ হাজার পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কমিটির সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী—শেখ আমজাদ হোসেন বাবু, মো. ফয়েজ আহমেদ ও রুহুল আমিন খান সুমন।
গ্রামবাসীদের মতে, কাগজে-কলমে এই নির্বাচনটি ‘দেবগ্রাম আর্থসামাজিক উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন-২০২৬’ হিসেবে পরিচিত হলেও এর প্রকৃত উদ্দেশ্য হলো দেবগ্রামের ভোট ব্যাংককে একীভূত করা। আগামী পৌরসভা নির্বাচনে এই প্রক্রিয়ায় বিজয়ী সভাপতিকেই গ্রামের একক মেয়র প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে সমর্থন দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, অতীতে দেবগ্রাম থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন একাধিক ব্যক্তি। তবে বিভিন্ন সময়ে গ্রামের ভোট একাধিক প্রার্থীর মধ্যে বিভক্ত হয়ে যাওয়ায় কাঙ্ক্ষিত প্রার্থী জয়ী হতে পারেননি। ভোটারদের এই বিভাজন এড়াতে এবং একজনকে কেন্দ্র করে পুরো গ্রামকে ঐক্যবদ্ধ করতেই এই আগাম উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, গত মে মাস থেকে এই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়। গ্রামে একাধিক বৈঠকের পর একজনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করে পূর্ণাঙ্গ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
নির্বাচন প্রসঙ্গে প্রার্থী মো. ফয়েজ আহমেদ বলেন, "গ্রামের মানুষের জন্য কাজ করতেই আমি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি।"
আরেক প্রার্থী শেখ আমজাদ হোসেন বাবু জানান, "সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে গ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।" তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী।
অপর প্রার্থী রুহুল আমিন খান বলেন, "গ্রামের ঐক্য ধরে রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনিও জয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।