ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চারজনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় এই ঘটনা ঘটে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার দুপুর ১টার দিকে সীমান্তের ৬১/১২ নম্বর পিলারসংলগ্ন গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী এবং একটি শিশু ছিল। তবে সীমান্ত অতিক্রম করার আগেই কুসুমপুর বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা বিএসএফের এই তৎপরতা লক্ষ্য করেন। বিজিবি সদস্যদের দৃঢ় বাধার মুখে চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুশইনের চেষ্টা করা ওই চারজন বর্তমানে শূন্যরেখা থেকে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে একটি কলাবাগানে অবস্থান করছেন। এই ঘটনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
এ প্রসঙ্গে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।”