নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের পাল্টা গুলিতে আহত হয়েছেন এক অস্ত্রধারী। অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন—ইসদাইর এলাকার রাজ্জাকের ছেলে জসিম (২৪) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, ইসদাইর এলাকায় ৭-৮ জন মাদক কারবারি অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানা-পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার তাদের পিস্তল থেকে আট রাউন্ড পাল্টা গুলি চালান। এতে জসিমের উরুতে গুলি লাগে এবং পুলিশের তিন সদস্য আহত হন।

পরবর্তীতে পুলিশ আহত অবস্থায় জসিম ও তার সহযোগী মোহনকে আটক করে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। আহত তিন পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, "মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর অস্ত্রধারীরা হামলা ও গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন পুলিশ সদস্য ও এক অস্ত্রধারী আহত হন। অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"