দেশের বিভিন্ন শিল্পকারখানায় বর্তমানে যে গ্যাস সংকট চলছে, তা বর্তমান সরকারের সৃষ্টি নয় বরং এটি ‘উত্তরাধিকার সূত্রে’ পাওয়া বলে দাবি করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের ধোপাদিঘিরপাড়ে আয়োজিত একটি কৃষিবিষয়ক কর্মশালার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি বাস্তব বলে স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, “গ্যাসের অভাবে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি বাস্তবতা। তবে এ সংকটের স্থায়ী সমাধানে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। দেশের বিভিন্ন মিল ও কারখানা গ্যাস সংকটে ভুগছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। এই সংকট বর্তমান সরকারের তৈরি নয়, এটি ‘উত্তরাধিকার সূত্রে’ পাওয়া। তবে সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে।”

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। মন্ত্রী উল্লেখ করেন, স্থায়ীভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে এবং এই প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি আপৎকালীন পরিস্থিতি সামাল দিতেও সরকার কাজ করছে।

মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা প্রসঙ্গে খন্দকার আবদুল মুক্তাদির জানান, মালয়েশিয়ার ছোট আকারের জাহাজগুলো বর্তমানে অন্য কাজে নিয়োজিত থাকায় সেখান থেকে দ্রুত গ্যাস আনার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে।

পরিশেষে তিনি বলেন, “আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে কোনো ব্যবস্থা করা যায় কি না, সেটি নিয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজও এগিয়ে নিতে হবে।”