উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে সেই লক্ষ্যেই সাভারে নির্মিত ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’-এর ভবনটি গত চার বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। প্রতিষ্ঠানটি দ্রুত চালু করার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।
ইনস্টিটিউটের অবকাঠামো এবং প্রশাসনিক স্থবিরতা দেখে প্রতিমন্ত্রী বলেন, “২০২২ সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো নির্মাণ করা হয়েছিল। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজেই লাগানো হচ্ছে না। এখানে দুর্নীতির পাশাপাশি চরম অব্যবস্থাপনা ও অবহেলার ছাপ স্পষ্ট। আমি সরেজমিন পরিস্থিতি দেখেছি; এ বিষয়ে খুব দ্রুত প্রয়োজনীয় ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।”
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বর্তমানে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
তিনি আরও বলেন, “সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে কেবল আধুনিক ভবন তৈরি করলেই কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়, যদি না সেখানে সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন থাকে। সে কারণেই তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসন পরিচালনায় যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে ‘হেলথ ম্যানেজমেন্ট’ বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।”
ড. মুহিত উল্লেখ করেন, সাভারের এই হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটি কেবল স্থানীয় পর্যায়ের জন্য নয়, বরং দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসকদের প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় সুশাসন নিশ্চিত করে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি জানান।