গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে একদল ডাকাত। এই হামলায় ওই গৃহবধূর স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম কামরুন নাহার আক্তার (৩৫)। তিনি নগরবেলা গায়েনবাড়ি এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের (৪১) স্ত্রী। এই হামলায় গুরুতর আহত হয়েছেন মঞ্জুরুল ইসলাম এবং তাঁর ১৬ বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত চারটার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে। ডাকাতদের বাধা দিতে গিয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের ওপর কোপাতে থাকে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাত দলটি দ্রুত পালিয়ে যায়। হামলায় কামরুন নাহার ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনা প্রসঙ্গে উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফয়জুর রহমান বলেন, "দুর্বৃত্তদের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ছাড়া তাঁর স্বামী ও মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বজনেরা হাসপাতালে নিয়ে গেছেন। বাড়ির সদস্যরা হাসপাতালে থাকায় কোনো মালামাল খোয়া গেছে কি না, তা প্রাথমিকভাবে জানা যায়নি।"

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, "হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাত বেশে এসে এই হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসছেন। তাঁরা ভেতরে প্রবেশের পর বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"