নীলফামারীর ডিমলা থানায় দায়িত্ব পালনকালে ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এই দুর্ঘটনায় থানার একটি ডেস্কটপ কম্পিউটারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এই দুর্ঘটনাটি ঘটে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মসলিম উদ্দিন। হঠাৎ কক্ষের ছাদের একটি বড় অংশের পলেস্তারা খসে তার শরীরের ওপর এবং টেবিলের ওপর পড়ে। আহত মসলিম উদ্দিনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা প্রদান করা হয়।
আহত এএসআই মো. মসলিম উদ্দিন জানান, "আমার কাঁধে জোরে আঘাত লাগে। থানার পুলিশি কার্যক্রমে ব্যবহৃত সরকারি একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।"
এই বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, "বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতনরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন।"