রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার একটি নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় তিনি হাসপাতালের এই নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির উদ্বোধন সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করার লক্ষ্যে এই নতুন ৫০০ শয্যা যুক্ত করা হয়েছে। এর ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ শয্যার এই হাসপাতালটি চালু করা হয়েছিল। পরবর্তীতে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সুচিকিৎসা নিশ্চিত করতে আরও ২০০ শয্যা বাড়ানো হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত করা হলো।