আগস্টের শেষ সপ্তাহে সরকারি ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার যদি এক দিনের ছুটি নেওয়া সম্ভব হয়, তবে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের একটি দীর্ঘ বিরতি পাওয়া যাবে।
তবে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে ছুটির বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালার ওপর নির্ভর করবে। একইভাবে, ২৭ আগস্টের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটির জন্য সংশ্লিষ্ট কর্মস্থলের যথাযথ অনুমোদন প্রয়োজন হবে।
জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের জন্য এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। হাসপাতাল, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়িত্বের প্রয়োজনে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাজ করতে হবে।
এর আগে গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ছিল। সে সময়ও সরকারি চাকরিজীবীদের একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি ম্যানেজ করে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিলের লম্বা ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছিল।