পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এই ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিটটি পুনরায় চালু করতে এক দিন সময় লাগতে পারে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে। আগামীকালের মধ্যে ইউনিটটি চালু করা হবে এবং ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।"

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হঠাৎ করে ১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে ইউনিটটি বন্ধ করে দিতে হয় এবং বিদ্যুৎ উৎপাদন স্থগিত হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিটটি থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। তবে কেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি বর্তমানে সচল রয়েছে, যেখান থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। উল্লেখ্য, এই বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, যা দুই দিন পর ২ আগস্ট পুনরায় চালু করা হয়।