বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, তাঁর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়টি অত্যন্ত জটিল এবং কঠিন। তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সিন্ডিকেটের প্রভাব বিদ্যমান। তবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে এসব সমস্যা দূর করার চেষ্টা করছেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু ক্যাফেটেরিয়া মিলনায়তনে জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্টদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে আফরোজা খানম রিতা বলেন, "আমি যখন মন্ত্রণালয়ে ঢুকলাম, প্রত্যেকটি সেক্টরে গিয়ে দেখলাম সেখানে বিশাল সম্ভাবনা রয়েছে। এটা কোনো লসের প্রজেক্ট নয়। আমরা যদি সততার সঙ্গে কাজ করি, তাহলে বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বুকেও নাম ছড়াবে বিমান। আমার চেষ্টা সেখানেই।"
নিজের লক্ষ্য সম্পর্কে মন্ত্রী আরও বলেন, "আমি সারাজীবন মন্ত্রণালয়ে থাকব না। তবে আমি চেষ্টা করছি, যাতে সবাই বলতে পারে আপা এসেছিলেন, আপা পরিবর্তনের শুরুটা করে দিয়েছেন। এই কথাটা শুনতে পারলেও আমার ভালো লাগবে।"
জি. নবী অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. গোলাম নবীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার শতাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট উপস্থিত ছিলেন।