চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজার শহরের কলেজ রোডের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এই নির্বাচনগুলো আয়োজন করতে প্রায় সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে, যার সংস্থান ইতোমধ্যে জাতীয় বাজেটে রাখা হয়েছে। তিনি আরও বলেন, "ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"

শ্রীমঙ্গলের ময়লার ভাগাড় সংক্রান্ত সমস্যার সমাধানে নতুন উদ্যোগের কথা উল্লেখ করে শাহে আলম বলেন, "বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরেও রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে।"

তিনি জানান, পৌরসভার নির্ধারিত ময়লা ফেলার জায়গায় বসতবাড়ি গড়ে ওঠায় স্থানীয়দের আপত্তি রয়েছে। তাই শহর থেকে দূরে পরিবেশের ক্ষতি হবে না—এমন সরকারি জায়গায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে, যেখান থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

এরপর শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কের হরিজন পল্লিতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়সহ বিভিন্ন সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপন করা হবে। পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনেও সৌরবিদ্যুতের ব্যবস্থা চালু করা হবে।

প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, শুধু অফিস আদেশ জারি করেই দায়িত্ব শেষ করা হবে না। সোলার প্যানেল স্থাপনের ছয় মাস পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল পর্যালোচনা করে সিদ্ধান্তের কার্যকারিতা যাচাই করা হবে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করলে সরকারি ব্যয় কমার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

এদিনের পরিদর্শন ও কর্মসূচিতে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শরফরাজ আহমেদ শরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম ও শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।