চাঁদপুরে তীব্র গ্যাস সংকটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে যানবাহন ও জনজীবন। গ্যাসের এই চরম অভাবের প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

গত শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকেই জেলার বেশ কিছু সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে দুপুর নাগাদ চাঁদপুর-কুমিল্লা সড়কের এইচবি ফিলিং স্টেশনের সামনে কয়েকশ চালক জড়ো হয়ে সড়কে অবস্থান নেন।

চালকদের এই আধাঘণ্টার অবরোধের ফলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভুক্তভোগী চালক সুমন বলেন, "দুই দিন ধরে গ্যাসের জন্য গাড়ি চালাতে পারি না। গাড়ি চালাইয়া সংসার চলে। গ্যাসের অভাবে গাড়ি চালাতে না পারলে আমার সংসার চলবে কেমনে।"

আরেক চালক ইয়াসিন ক্ষোভ প্রকাশ করে বলেন, "সারা রাত না ঘুমিয়ে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। কখন গ্যাস পাব কেউ বলতে পারছে না। এভাবে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলে সংসার চলবে কীভাবে।"

এদিকে বিভিন্ন ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, পাম্পে গ্যাস সরবরাহ না থাকায় গাড়িতে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক হলেই চালকদের গ্যাস দেওয়া হবে বলে তারা জানান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।