দেশের সকল সরকারি ভবনে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কের হরিজন পল্লিতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়সহ বিভিন্ন সরকারি ভবনে সোলার প্যানেল বসানো হবে। এছাড়া পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানের ভবনে সৌরবিদ্যুতের ব্যবস্থা চালু করা হবে।

কার্যকারিতা যাচাইয়ের বিষয়ে মীর শাহে আলম বলেন, "শুধু অফিস আদেশ জারি করেই দায়িত্ব শেষ করা হবে না। সোলার প্যানেল স্থাপনের ছয় মাস পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল পর্যালোচনা করা হবে। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে, তা যাচাই করা হবে।"

তিনি আরও উল্লেখ করেন যে, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে।

এর আগে শহরের কলেজ রোডের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে স্থানীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এই নির্বাচনগুলো আয়োজন করতে প্রায় সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে, যার সংস্থান জাতীয় বাজেটে রাখা হয়েছে বলে জানান তিনি।

নির্বাচন প্রক্রিয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "ইরেইমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধরনের নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে।"

শ্রীমঙ্গলের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে নতুন উদ্যোগের কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, "বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরেও রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে।"

পৌরসভার নির্ধারিত ময়লা ফেলার জায়গায় স্থানীয়দের আপত্তির কথা উল্লেখ করে তিনি জানান, শহর থেকে দূরে পরিবেশবান্ধব সরকারি জায়গা খুঁজে সেখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে বর্জ্য থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

এদিনের কর্মসূচিতে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শরফরাজ আহমেদ শরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম ও শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।