চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব কার্গোর মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ)।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান গতকাল বৃহস্পতিবার বাসসকে এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, ‘গ্যাস সরবরাহব্যবস্থা স্থিতিশীল রাখতে আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। এগুলো স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।’
তিনি জানান, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশ তিন ধরনের উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করে। মিজানুর রহমান আরও বলেন, গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।
এদিকে পেট্রোবাংলা সূত্র জানায়, আগস্ট মাসে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে ইতিমধ্যে ৪ কার্গো দেশে পৌঁছেছে, বাকি কার্গোগুলো এ মাসেই আসবে। আমদানি করা ৯ কার্গোতে মোট এলএনজির পরিমাণ রয়েছে ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।
পেট্রোবাংলা সূত্র অনুযায়ী, আগস্ট মাসের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১ কার্গো, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৫ কার্গো এবং স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনা হয়েছে। চলতি মাসের বাকি চালানগুলো (৫ কার্গো এলএনজি) ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট দেশে আসবে।
এর আগে গত জুলাই মাসে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল। এর পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশকে এলএনজি সরবরাহ করে।
পাশাপাশি প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন সাপেক্ষে সরকার স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করে।