বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য ভি প্রথমবারের মতো তাঁর শ্রবণশক্তি কমে যাওয়ার কথা প্রকাশ্যে এনেছেন। গতকাল বুধবার এক লাইভ সেশনে ভক্তদের জানান, তাঁর ডান কানের শ্রবণক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে ৩০ বছর বয়সী এই তারকা এই সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছেন।

লাইভে ভি জানান, তাঁর বাঁ কানের শ্রবণক্ষমতা যদি ১০০ শতাংশ ধরা হয়, তবে ডান কানে তা এখন প্রায় ৩০ শতাংশের মতো। অর্থাৎ এক কানের শ্রবণশক্তি অন্য কানের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে।

দীর্ঘদিন এই বিষয়টি গোপন রাখলেও ভি জানান, প্রায় আড়াই বছর ধরে তিনি এই সমস্যার সঙ্গে লড়াই করছেন। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তিনি ভেবেছিলেন এটি হয়তো ‘মানসিক শক্তির ব্যাপার’। তবে পরবর্তীতে সমস্যা আরও বাড়তে থাকায় তিনি নিয়মিত ওষুধ সেবন এবং হাসপাতালে চিকিৎসা নেওয়া শুরু করেন।

কিম তেহিয়ং, যিনি পেশাগতভাবে ভি নামে পরিচিত, ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দিয়েছিলেন এবং ২০২৫ সালের জুনে তাঁর দায়িত্ব শেষ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সামরিক বাহিনীতে থাকার সময় শ্রবণসংক্রান্ত এই সমস্যা আরও বেড়ে যায়। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় শারীরিকভাবে সক্ষম প্রায় সব পুরুষের জন্য ১৮ মাসের সামরিক সেবা বাধ্যতামূলক, যা বিটিএসের সাত সদস্যকেই তাঁদের ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় পালন করতে হয়েছে। ২০২২ সাল থেকে তাঁরা পর্যায়ক্রমে সামরিক বাহিনীতে যোগ দেন।

দীর্ঘ বিরতির পর সাত সদস্যের পুনর্মিলন এবং তাঁদের বিশ্ব সফরের মাঝেই ভির এই শারীরিক সমস্যার কথা জানা গেল। এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়া থেকে শুরু হয়েছে ব্যান্ডটির ‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’। বুধবারের লাইভটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে কনসার্ট শেষ করার পর। সামনে লস অ্যাঞ্জেলেস, বুয়েনস এইরেস, ব্যাংকক, সিডনি ও হংকংয়ে কনসার্ট করার কথা রয়েছে তাঁদের।

সফরের মাঝেই শারীরিক সমস্যার কথা জানিয়েছেন জাংকুকও। একই লাইভে তিনি জানান, সফর চলাকালে শিনে চোট পেয়েছেন। এমনকি তাঁর আশঙ্কা, ঠিকমতো সামলাতে না পারলে চোটটি স্ট্রেস ফ্র্যাকচারে রূপ নিতে পারে। পারফরম্যান্স চালিয়ে যেতে হলে তাঁকে এই চোটটি সতর্কতার সঙ্গে সামলাতে হবে।

স্বাস্থ্যসংক্রান্ত খবরের পাশাপাশি ২০২৭ সালের গ্র্যামি পুরস্কারের জন্য নিজেদের কোনো গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনায় ছিল বিটিএস। জুলাইয়ে ব্যান্ডটি এই ঘোষণা দেয়। এর আগে রেকর্ডিং একাডেমি ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নামে নতুন একটি বিভাগ চালুর ঘোষণা দিয়েছিল।

তবে গ্র্যামির প্রধান নির্বাহী হার্ভি মেসন জুনিয়র জানান, এশিয়া থেকে আসা পপশিল্পীদের বৈচিত্র্য ও সাফল্যকে আলাদা করে উদ্‌যাপন করতেই নতুন বিভাগটি তৈরি করা হয়েছে। তাঁর মতে, নতুন বিভাগ যুক্ত হওয়া মানে আরও বেশি শিল্পীর কাজ পুরস্কারের স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হওয়া।