ভারতে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে আরপিএফ (রেলওয়ে সুরক্ষা বাহিনী) কর্মীদের ওপর হামলার অভিযোগে মডেল ও অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে দেশটির রেল পুলিশ।
অভিযোগ অনুযায়ী, গত ১২ অগস্ট অরাবলি এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় আরপিএফ কর্মীদের সঙ্গে বচসায় জড়ান অন্তরা। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি পোশাক খুলে ব্লেড হাতে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার ও এই সময়ের তথ্যমতে, শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন এই বাঙালি অভিনেত্রী। তাঁর কাছে স্লিপার ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও তিনি অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত এসি কোচে উঠে পড়েন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে রাত প্রায় সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিবলি ও ডহানুর মাঝামাঝি এলাকায়। দায়ের করা এফআইআর অনুযায়ী, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে তিনি তা অস্বীকার করেন। এরপর ওই যাত্রী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আরপিএফকে অবহিত করেন।
ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে যান আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার। অভিযোগ, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন অন্তরা।
পুলিশের দাবি, এক পর্যায়ে অভিনেত্রী নিজের পোশাক খুলে ফেলেন এবং হাতে একটি রেজর ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখাতে শুরু করেন। অভিযোগ করা হয়েছে, ওই ব্লেড দিয়ে তিনি এক কর্মীকে আঘাত করেন এবং এই ঘটনায় নিজেও আহত হন। যামিনীকান্ত মিশ্রের অভিযোগ, অন্তরা তাঁর পোশাক এবং মোবাইল ফোনও নষ্ট করেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, তখন কামরা থেকে বেরিয়ে যাওয়ার জন্য জানালার কাচ ভাঙার চেষ্টা করেন অন্তরা। পরবর্তীতে ডহানু স্টেশনে তাঁকে ট্রেন থেকে নামিয়ে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।