দেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। আগামী ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, বৃহস্পতিবার দেশের কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

সিদ্ধান্ত গ্রহণের আগে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ড. মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম এবং স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।