রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই। খুব সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে চুলায় তৈরি করা সম্ভব নরম ও সুস্বাদু নান।
প্রয়োজনীয় উপকরণ:
ময়দা ২ কাপ, ডিম ১টি, ইস্ট ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ আধা চা-চামচ এবং পরিমাণমতো পানি।
প্রস্তুত প্রণালী:
একটি গামলায় ময়দা নিয়ে তার মাঝখানে ঘি বাদে বাকি সব উপকরণ দিন। এবার আধা কাপ হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে প্রয়োজনমতো পানি যোগ করে রুটি বানানোর মতো ডো মাখাতে হবে। এরপর খুব ভালোভাবে ময়েন দিয়ে ৩০ মিনিট গরম জায়গায় ঢেকে রাখতে হবে।
৩০ মিনিট পর ডো-টিকে ৬-৭টি ভাগে ভাগ করে নিন। অন্যদিকে, এক কাপ পানিতে এক টেবিল চামচ লবণ গুলিয়ে আলাদা করে রাখতে হবে।
এবার রুটি বানানোর তাওয়া গরম করে তাতে লবণ-পানি ছিটিয়ে দিন। এতে তাওয়াটি তন্দুরের মতো রুটিকে আটকে ধরবে। এরপর রুটি বেলে তার ওপর লবণ-পানির প্রলেপ দিয়ে তাওয়ায় বিছিয়ে দিন। রুটিতে বুদবুদ উঠলে তাওয়াটি উল্টিয়ে সরাসরি চুলার আগুনের ওপর ধরতে হবে। রুটির ওপরের অংশ বাদামি হয়ে এলে নামিয়ে নিন। সবশেষে ঘি ব্রাশ করে গরম গরম পরিবেশন করুন মজাদার নান।