দৈনন্দিন ব্যস্ততায় দ্রুত খাবার তৈরির জন্য পিঠা-রুটি হতে পারে একটি চমৎকার বিকল্প। এই বিশেষ রুটি দিয়ে খুব সহজেই পিৎজা, প্যান পিৎজা কিংবা স্যান্ডউইচ তৈরি করা সম্ভব। এছাড়া যেকোনো তরকারির সঙ্গে এটি পরিবেশন করা যায়।
এই পিঠা-রুটি তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো হলো:
ময়দা ৩ কাপ, গরম দুধ ১ কাপ, চিনি ৩ টেবিল চামচ, ইস্ট ২ টেবিল চামচ, সয়াবিন তেল ১ টেবিল চামচ, বাটার ২ টেবিল চামচ এবং লবণ ১ চা-চামচ।
প্রস্তুত প্রণালী:
প্রথমে হালকা গরম দুধে ইস্ট মিশিয়ে ১০ মিনিট ঢেকে রাখতে হবে। ইস্ট ফুলে উঠে বলের মতো আকার ধারণ করলে তাতে চিনি, লবণ, সয়াবিন তেল ও ময়দা দিয়ে মাখিয়ে রুটির ডো তৈরি করে নিতে হবে। এরপর মিশ্রণটি ৩০ মিনিট ঢেকে রাখুন। ডো ফুলে উঠলে বাটার দিয়ে পুনরায় ভালোভাবে মথে নিয়ে আটটি সমান ভাগে ভাগ করে রুটি বেলে নিন।
বেলে নেওয়া রুটিগুলো কাপড় দিয়ে ঢেকে ১০ মিনিট অপেক্ষা করুন। রুটিগুলো ফুলে উঠলে ক্রমান্বয়ে একটির পর একটি সেঁকে পিঠা-রুটি তৈরি করে নিন।
উল্লেখ্য যে, এই পিঠা-রুটি এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব।