ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকার ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিকের নাম জুয়েল দাস (৩০)। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দাসেরহাট ইউনিয়নের চর ঈশ্বর রায় গ্রামের মতিলাল দাসের ছেলে। জানা গেছে, জুয়েল ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে অবস্থিত পিএইচপি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ড ভ্যানটি জুয়েল দাসকে চাপা দেওয়ার পর ওই ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষমাণ একটি মাইক্রোবাসেও ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালক সাইফুল ইসলাম (৪০) আহত হয়েছেন। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ হুমায়ুনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দ্রুতগতির কারণে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারী শ্রমিককে চাপা দেয় এবং এরপর সামনে থাকা মাইক্রোবাসটিতে আঘাত করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহত চালক ও পথচারীকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পথচারীকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান বলেন, "দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসটি জব্দ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"