পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য পেয়েছে যমজ দুই বোন সাইয়িদা জান্নাত (নাওমি) ও সাইয়িদা জাহান (নাওফি)। বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়ে তারা দুজনই জিপিএ-৫ অর্জন করেছেন।
দুই বোনের বাড়ি সুজানগর পৌরসভার মানিকদী এলাকায়। তাদের বাবা জহুর আহমাদ সরকার সুজানগর মহিলা ডিগ্রি কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের সহকারী শিক্ষক। মা মনিরা পারভীন উপজেলার সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা যায়, জন্ম থেকেই দুই বোন একসঙ্গে বড় হয়েছে এবং একই বিদ্যালয়ে পড়ালেখা করেছে। তাদের পড়াশোনায় আগ্রহ ছিল নিয়মিত। পাশাপাশি তারা একে অপরকে সহযোগিতা করত। দুই বোনের শখ, ইচ্ছা ও ভবিষ্যৎ পরিকল্পনাও একই ধরনের।
নিজেদের এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সাইয়িদা ও সাইয়িদা। ভবিষ্যতে তারা চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়।
সাফল্যের বিষয়ে দুই বোনের ভাষ্য, তারা একই দিনে পৃথিবীতে এসেছে এবং একসঙ্গে বড় হয়েছে। এই অর্জনে তারা ভীষণ আনন্দিত। আগামী দিনেও তারা একসঙ্গে এগিয়ে যেতে চায়।
মায়ের উচ্ছ্বাস প্রকাশ করে মনিরা পারভীন বলেন, ‘মেয়েদের সাফল্যে আমি আনন্দিত। প্রত্যেক অভিভাবক যদি সন্তানদের পর্যাপ্ত সময় দেন এবং পড়াশোনায় উৎসাহিত করেন, তাহলে সন্তানেরা ভালো ফল করতে পারে।’
মেয়েদের অর্জনে বাবা জহুর আহমাদ সরকারের প্রত্যাশা, তাঁর মেয়েরা যেন শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে।
সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল আক্তার বলেন, ‘নাওমি ও নাওফি পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নম্র আচরণের জন্য সব সময় প্রশংসিত। তারা কেবল মেধাবী শিক্ষার্থীই নয়, ভালো মানুষ হিসেবে বেড়ে উঠছে। তাদের এই অর্জনে আমরা শিক্ষকেরা অত্যন্ত আনন্দিত।’