ফরাসি ব্যবসায়ী ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে প্রেমের গুঞ্জন ভাঙার পর আবার নতুন করে প্রেমের বিষয়ে আলোচনা শুরু হয়েছে ব্ল্যাকপিংক তারকা লিসাকে ঘিরে। এবার থাই অভিনেতা ব্লু পংতিওয়াতের সঙ্গে সম্পর্কের কথাই বেশি করে শোনা যাচ্ছে।
সামাজিকমাধ্যমে কেউ কেউ লিখছেন, থাইল্যান্ডের পাশাপাশি হংকং ও জাপানেও লিসা ও পংতিওয়াতকে একসঙ্গে দেখা গেছে। পাশাপাশি আরও দাবি করা হয়েছে, থাইল্যান্ডে লিসার পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটিয়েছেন পংতিওয়াত।
তবে এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন অনেকে। তাঁদের মতে, লিসা ও পংতিওয়াত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ বন্ধু। তাই শুধু একসঙ্গে দেখা যাওয়ার ভিত্তিতে তাঁদের প্রেমের সম্পর্ক রয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
এর আগে গত এপ্রিলেও লিসার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন পংতিওয়াত। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একসঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। ছবির সঙ্গে লিখেছিলেন, ‘চিয়ার্স টু ইউ, রকস্টার!’
সেই সময় ছবিগুলো নিয়েও আলোচনা হয়েছিল। নতুন করে প্রেমের গুঞ্জন ছড়ানোর পর আবারও বিষয়টি আলোচনায় এসেছে।
পংতিওয়াত ২০০০ সালে জন্ম নেওয়া; তিনি লিসার চেয়ে তিন বছরের ছোট। অভিনেতার পাশাপাশি তিনি গায়ক ও মডেল হিসেবেও কাজ করেন। নেটফ্লিক্সের সিরিজ ‘রেডি, সেট, লাভ’-এ অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পান তিনি। দক্ষিণ কোরিয়ায় তাঁকে ‘থাইল্যান্ডের চা উন-উ’নামেও ডাকা হয়।
এর আগে ফরাসি ব্যবসায়ী ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে লিসার প্রেমের গুঞ্জনও ছিল। এলভিএমএইচের চেয়ারম্যান বার্নার্ড আর্নল্টের ছেলে ফ্রেদেরিকের সঙ্গে ২০২৩ সাল থেকে লিসার সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা গেলেও দুজনের কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।
সম্প্রতি ফ্রেদেরিকের সঙ্গে লিসার সম্পর্কের ইতি ঘটেছে—এমন খবরও ছড়িয়েছে। তবে এ বিষয়েও লিসা বা ফ্রেদেরিক কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
(কোরিয়া হেরাল্ড অবলম্বনে)