রংপুর নগরের তাজহাট আনসারির মোড় এলাকায় একটি রিকশা গ্যারেজ থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্যারেজের শাটারের তালা কেটে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৫৫)। তিনি ওই গ্যারেজের মালিক এবং সেখানেই বসবাস করতেন। তাঁর মাথার পেছনে চারটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রহমান ওই গ্যারেজে থেকে রিকশাগুলোর দেখাশোনা করতেন। প্রায় দুই বছর আগে তাঁর এক স্ত্রী মারা যান। স্থানীয়দের ভাষ্যমতে, তাঁর পাঁচ স্ত্রী ছিলেন। প্রথম দুই স্ত্রীর চার সন্তান আলাদা থাকেন। পরবর্তীতে তিনি আরও তিনটি বিয়ে করেন, যা নিয়ে পারিবারিক বিরোধ ছিল বলে দাবি করেছেন স্থানীয় অনেকে।
ঘটনার বিষয়ে নিহতের ছেলে মোহাম্মদ রুবেল বলেন, ‘কাকে সন্দেহ করব, তা বুঝতে পারছি না। আমরা মামলা করব।’
গ্যারেজ সংলগ্ন বাসিন্দা হিরু মিয়া জানান, রাত ১২টার দিকে বাড়ি ফেরার সময় তিনি গ্যারেজের শাটার নামানো দেখেছিলেন এবং রাতে কোনো অস্বাভাবিক শব্দ শোনেননি। সকালে চিৎকার শুনে বাইরে এসে ভিড় দেখতে পান এবং শাটারের ফাঁক দিয়ে ভেতরে রক্তাক্ত অবস্থায় আবদুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, মরদেহ পরীক্ষা করে মাথার পেছনে চারটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শক্ত লোহার কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়ে থাকতে পারে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর কারণ কী, তা বের করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।