ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙামাটিতে এক মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল আল হক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, সাংবাদিক হিমেল চাকমা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি শাখার সভাপতি সমীর কান্তি দে এবং যুব ইউনিয়ন রাঙামাটি ইউনিটের সভাপতি মিল্টন বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, "সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে এভাবে তুলে নিয়ে আটক রাখা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর প্রত্যক্ষ আঘাত।" তারা আরও দাবি করেন, "সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থেকে থাকে, তবে দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ায় তা প্রকাশ করতে হবে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।"

বক্তারা উল্লেখ করেন যে, আইনি প্রক্রিয়া অনুসরণ না করে একজন সাংবাদিককে আটকে রাখা বিচার বিভাগীয় নীতির পরিপন্থী।