বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতি পেতে সম্প্রতি ‘ড্রাইভিং টেস্ট’ দিয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এই অভিজ্ঞতার প্রেক্ষিতে দেশের সড়ক ব্যবহারের সামগ্রিক পরিস্থিতি এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিদ্যমান আইনব্যবস্থা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে জাইমা রহমান সড়ক নিরাপত্তার পাশাপাশি বিদ্যমান নানা সমস্যা, অনিয়ম ও জটিলতার কথা উল্লেখ করেন। তিনি মনে করেন, সড়ক নিরাপত্তা কেবল গাড়ি, লাইসেন্স আর শাস্তির বিষয় হতে পারে না; বরং এটি হতে হবে সেই মানুষগুলোকে ঘিরে, যাঁরা প্রতিদিন পথ চলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিবর্তন যদি আমরা সত্যিই চাই, তাহলে আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে।’

নিজের স্ট্যাটাসে লন্ডনে এবং বাংলাদেশে ড্রাইভিং টেস্ট দেওয়ার অভিজ্ঞতার তুলনা করেছেন জাইমা রহমান। তিনি জানান, দেশে পরীক্ষা দিতে গিয়ে তিনি কেবল ড্রাইভিং টেস্ট বা লাইসেন্স নিয়ে ভাবেননি, বরং সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা এবং সেই সড়ক নিয়ন্ত্রণের জন্য তৈরি ব্যবস্থাগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়টি ভেবেছেন।

পথচারী হিসেবে পর্যাপ্ত ক্রসিং ছাড়াই দ্রুতগতির সড়ক পার হওয়া, দখল হয়ে যাওয়া ফুটপাত ধরে হাঁটা এবং নিয়ম না মেনে চলা বাস, মোটরসাইকেল, রিকশা ও প্রাইভেট কারের ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার বিড়ম্বনার কথা বর্ণনা করেছেন তিনি। এছাড়া যাত্রী এবং চালক হিসেবে একজন ব্যক্তি কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হন, সে বিষয়েও আলোকপাত করেন জাইমা রহমান।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে কেবল যান্ত্রিক বা আইনি ব্যবস্থার ওপর নির্ভর না করে পথচারীদের নিরাপত্তা ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।