নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি কারখানায় অভিযান চালিয়ে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) একটি ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে 'ইসমাইল ফুড প্রোডাক্টস', 'সালেহা ট্রেডিং' ও 'জিকো আইসক্রিম ফ্যাক্টরি' নামের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ভোজ্যতেল মোড়কজাতকরণে ওজনে কারচুপির অপরাধে ইসমাইল ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারের নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক নকল করে অবৈধভাবে মশার কয়েল তৈরির অভিযোগে সালেহা ট্রেডিংকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে জিকো আইসক্রিম ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, "সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিএসটিআইয়ের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রিসহ নানা অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।"
তিনি আরও জানান, "জনস্বার্থ রক্ষা ও পণ্যের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
অভিযানটিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, ফিল্ড অফিসার মাকসুদা রুনা, রেজানুর রহমান সরকার, রাসেদ আল মামুন এবং পরিদর্শক হাফিজুর রহমানসহ বিএসটিআইয়ের অন্যান্য কর্মকর্তারা।