বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে শপিংমল ও দোকানপাটের সময়সীমা পরিবর্তন করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে সারা দেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে এই নির্দেশনার বাইরে থাকবে হাসপাতাল, ওষুধের দোকান এবং খাবারের দোকান; অর্থাৎ রাত ৮টার পরেও এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকসজ্জা, বাণিজ্যিক মেলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব মো. মামুন ভূঁইয়ার স্বাক্ষরিত এক স্মারকে এই সিদ্ধান্ত জানানো হয়।

স্মারকে উল্লেখ করা হয়, "১২ আগস্ট থেকেই বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।"

বর্তমানে সারা দেশে গড়ে তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে। এই পরিস্থিতি বিবেচনায় পূর্বের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। আগে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নিয়ম ছিল, যা এখন রাত ৮টায় নামিয়ে আনা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়, "গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার বিষয় সরকারি সিদ্ধান্ত ছিল। তবে আজ থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা ও সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।"

এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠেয় মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।