একসময় নাটকের নিয়মিত জুটি ছিলেন অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’, ‘কাপল ক্যাম্পাস’সহ নানা নাটকে তাঁদের উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘ বিরতির পর নতুন নাটক ‘প্রতিশোধ’ নিয়ে আবারও ফিরেছেন এই জুটি।

জোভান–তিশা ভক্তদের কাছে একসঙ্গে ‘তিভান’ নামে পরিচিত। তাঁদের নামে ফেসবুক গ্রুপও ছিল। নাটকটির মন্তব্যের ঘরে রুদ্র নামে এক দর্শক লিখেছেন, ‘অনেক আগে থেকে তিভানদের সব নাটক দেখি। পুরোনো জুটির মধ্যে তাঁদের দুর্দান্ত লাগে। এই জুটির রসায়নে আলাদা একটা আকর্ষণ আছে, একধরনের মায়া আছে। দুজনেই একসঙ্গে অসাধারণ কিছু হয়ে যায়। আচ্ছা, কেন এই জুটির কাজ কম আসে, নিয়মিত কাজ আসে না? এই জুটির বেশি বেশি কাজ আসা উচিত।’

তোফাজ্জল হোসেন নামে আরেক দর্শক লিখেছেন, ‘অনেক দিন পরে জোভান–তানজিন তিশা জুটির নতুন নাটক দেখলাম। এই জুটির অন স্ক্রিন কেমিস্ট্রিতে মুগ্ধ, গল্প যেমনই হোক না, দুজনের ন্যাচারাল অভিনয়, বোঝাপড়া দারুণ হয় বলেই জুটির রসায়ন এত ভালো জমে ওঠে। এ কারণেই তাঁদের নাটক মিস করি। তাঁদের আবার নিয়মিত হওয়া উচিত।’

ক্যারিয়ার শুরুর সময় থেকেই জোভান ও তানজিন তিশা একসঙ্গে কাজ করেছেন। তবে পরে তাঁরা নিজেরাই একসময় একসঙ্গে অভিনয় থেকে দূরে সরে যান। অভিনেতা ফারহান আহমেদ জোভান বলেন, ‘অনেক দিন পরে আমাদের কাজ। এর শুটিং করেছিলাম ঈদের আগে।’

নাটক ‘প্রতিশোধ’-এর গল্পে দেখা যায়—বিদেশে পড়াশোনা শেষে এক বছর চাকরি করে দেশে ফেরেন এক তরুণ। দেশে এসে একটি প্রতিষ্ঠানে সিইও পোস্টে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন। এরপরের ঘটনাগুলোতে জড়িয়ে আছে ক্যারিয়ারকে কেন্দ্র করে এক ধরনের প্রতিশোধের গল্প। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে সচেতনতার বার্তাও তুলে ধরা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের আগেই নানা রকম অভিজ্ঞতা চাওয়া হয়—এ ধরনের কিছু প্রসঙ্গও নাটকে রয়েছে।

নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মহিন। আরও অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায়, বড়দা মিঠু। এটি লিখেছেন শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে।