পরিবারের সবচেয়ে পরিচিত মানুষ হয়েও অনেক সময় বাবারা হয়ে ওঠেন সবচেয়ে রহস্যময়। কেউ কথা বলেন খুব কম, আবার কেউ নিজের অনুভূতির চেয়ে উপদেশ দিতেই বেশি স্বচ্ছন্দ। ফলে তাঁদের জীবনের গল্প, স্বপ্ন, ভয় কিংবা আক্ষেপের কথা সন্তানেরা খুব কমই জানতে পারে। তবে একটি আন্তরিক প্রশ্নই পারে বাবা ও সন্তানের মধ্যকার সম্পর্ককে আরও নিবিড় করে তুলতে।

বাবা দিবস উপলক্ষে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস মনোবিদ, গবেষক, লেখক, সম্পর্কবিশেষজ্ঞ এবং বিভিন্ন পরিচিত ব্যক্তিত্বদের কাছ থেকে এমন কিছু প্রশ্ন সংগ্রহ করেছে, যা বাবার সঙ্গে অর্থবহ ও হৃদয়ছোঁয়া আলাপচারিতার সুযোগ করে দেয়। আপনি আপনার বাবাকে কতটা চেনেন? নিচের প্রশ্নগুলোর মাধ্যমে তা মিলিয়ে নিন। যদি উত্তরগুলো জানা না থাকে, তবে বাবার সঙ্গে কিছুটা সময় কাটান, চা-কফি পান করুন এবং তাঁকে জিজ্ঞেস করুন এই প্রশ্নগুলো:

১. "ছোটবেলায় আপনার সবচেয়ে কাছের বন্ধু কারা ছিলেন? তাঁদের সঙ্গে আপনার কেমন সময় কেটেছে? অবসর সময় কীভাবে কাটাতেন?"
২. "পরিবারে আপনার ভূমিকা কী ছিল? ভাইবোনদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল?"
৩. "আপনার চোখে একজন আদর্শ বাবা কেমন হওয়া উচিত?"
৪. "যে বাড়িতে বড় হয়েছেন, সেটি কেমন ছিল? কোথায় খেলতেন, কোথায় খেতেন? ছোটবেলায় আপনার পছন্দের খাবার কী ছিল?"
৫. "আপনার প্রথম চাকরি কী ছিল? সেই অভিজ্ঞতা কেমন?"
৬. "মা-বাবার পরিচয় ও প্রেমের গল্প কীভাবে শুরু হয়েছিল? মা-বাবার বিয়ের গল্পটা জানুন।"
৭. "প্রথমবার আমাকে কোলে নেওয়ার, একা সামলানোর দিনটি কি মনে আছে?"
৮. "আমার দেওয়া সবচেয়ে প্রিয় উপহার বা প্রশংসা কোনটি?"
৯. "আমার শৈশবের কোন বিষয়টি সবচেয়ে বেশি আপনাকে দুশ্চিন্তায় রাখত?"
১০. "দাদার সঙ্গে আপনার সম্পর্ক আপনাকে কেমন বাবা হতে সাহায্য করেছে?"
১১. "আমাকে বড় করে তোলার সময় সবচেয়ে সহজ ও সবচেয়ে কঠিন ব্যাপারটা কী ছিল?"
১২. "নিজের শৈশবের কোন ভালো জিনিসগুলো আমার মধ্যে দেখতে চেয়েছিলেন? আর কোন কষ্টগুলো থেকে আমাকে দূরে রাখতে চেয়েছিলেন?"
১৩. "আমাকে নিয়ে আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি কী?"
১৪. "এখন আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থবহ বিষয় কী? তরুণ বয়সের সঙ্গে তার কী পার্থক্য?"
১৫. "বড় হয়ে যাওয়া সন্তানের বাবা হওয়ার সবচেয়ে কঠিন দিক কী?"
১৬. "বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের অগ্রাধিকার কীভাবে বদলেছে?"
১৭. "আজকের জীবন কি আপনি যেভাবে ভেবেছিলেন, চেয়েছিলেন সে রকম, নাকি একেবারেই ভিন্ন?"
১৮. "আমার কাছ থেকে আপনার প্রত্যাশা কী?"
১৯. "আপনার জীবনে পাওয়া সেরা উপদেশ কী? কে দিয়েছিলেন? সেরা শিক্ষা কী?"
২০. "আগে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, কিন্তু এখন মত বদলেছেন—এমন কোনো বিষয় আছে?"
২১. "দাদাকে এমন কোনো কথা বলতে চেয়েছিলেন, যা আর বলা হয়নি?"
২২. "যদি আমার শৈশবের একটি দিন আবার ফিরে পেতেন, কোন বয়সটি বেছে নিতেন এবং কী করতেন?"
২৩. "আমার জন্য আপনার সবচেয়ে গভীর কামনা কী?"
২৪. "আপনি কি সুখী?"
২৫. "আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কী?"

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস