শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় অবস্থিত তার বাসভবন থেকে তাদের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে রুস্তম আলীর বাসভবনে এক অপরিচিত নারীর প্রবেশ দেখে তাদের সন্দেহ হয়। এরপর তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

ঘটনা প্রসঙ্গে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, "ঘটনাস্থলে গিয়ে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীর নাম ওজিলা বলে জানা গেছে এবং তিনি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকার বাসিন্দা। তিনি মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী বলে জানা গেছে।

ওসি আরও বলেন, "পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদের রাত আড়াইটার দিকে থানায় নেওয়া হয়। বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।"