মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিং করে জলাশয় ভরাট করার অপরাধে তিন ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার লতব্দী ইউনিয়নে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় তাদের এই দণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মো. ফজলু (২৮), মো. সাইফুল (৩০) এবং নুর আফসার (৪৪)।

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বালুভর্তি একটি ট্রাক জব্দ করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, অবৈধভাবে ড্রেজিং করে জলাশয় ভরাট এবং মাটি কাটার মতো পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।