ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণে সহায়তার লক্ষ্যে ‘ফজলুল হক স্টুডেন্ট ফিল্ম প্রোডাকশন সাপোর্ট ট্রাস্ট ফান্ড’ নামে একটি নতুন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। প্রয়াত পিতার স্মৃতি রক্ষার্থে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এই ট্রাস্ট ফান্ডের জন্য একটি অনুদানের চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের নির্দিষ্ট কয়েকজন শিক্ষার্থীকে তাদের গ্র্যাজুয়েট প্রোডাকশন নির্মাণের জন্য এককালীন বৃত্তি প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম, চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুদ ও রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক রেজানুর রহমান, মীর মাসরুর জামান, আবদুল্লাহ জেয়াদসহ বিভাগের শিক্ষকেরা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতা পরিবারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বিভাগের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এই ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাই এবং সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রির সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি টেলিভিশন চ্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য চ্যানেল আই কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।

উল্লেখ্য, প্রয়াত ফজলুল হক একজন খ্যাতিমান সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ফজলুল হক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা লিখতেন। ১৯৯০ সালে ৬০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ফজলুল হক ও রাবেয়া খাতুন দম্পতির চার সন্তানই নিজ নিজ ক্ষেত্রে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত।