বরিশালের উজিরপুরে শ্রেণিকক্ষে পাঠদানকালে ছাদের পলেস্তারা খসে পড়ে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। এই আকস্মিক ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা হুড়োহুড়ি করে কক্ষ থেকে বেরিয়ে আসে।
গত সোমবার উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয়তলায় অবস্থিত ষষ্ঠ শ্রেণির কক্ষে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ আগস্ট) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। পাঠদান চলাকালীন হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে তার মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাথী বলেন, "স্যার ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারা খুলে স্যারের মাথায় পড়ে। আমরা সবাই ভীষণ ভয় পেয়ে যাই।"
আরেক শিক্ষার্থী সিমা জানান, "পলেস্তারা খসে পড়ার সময় আমরা সবাই ক্লাসেই ছিলাম। স্যার আহত হয়েছেন, আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।"
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, ১৯৬০ সালে নির্মিত এই পুরোনো ভবনটির নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল। এবার শিক্ষক আহত হওয়ার পর সেই আশঙ্কা আরও প্রবল হয়েছে। অভিভাবকদের দাবি, ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে, যা একটি বড় দুর্ঘটনার আগাম সতর্কবার্তা। ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প ব্যবস্থা না নিলে ভবিষ্যতে শিক্ষার্থীরা বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, "বিদ্যালয়ের ভবনটি ১৯৬০ সালে তৈরি করা হয়েছিল। ভবনের বয়স অনেক বেশি হওয়ায় এর বিভিন্ন অংশের অবস্থা বেশ নাজুক। ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে এক শিক্ষক আহত হয়েছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর প্রক্রিয়া চালাচ্ছি।"