ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বর্তমানে দেশে বিদ্যুৎ খাতের ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি জানান, জ্বালানি খাতকে ফ্যাসিবাদমুক্ত করতে এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সাথে সঠিক নীতিমালা প্রণয়ন করেছে, যা আগামী সংসদে উপস্থাপন করা হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জে.সি. বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বক্তব্যের এক পর্যায়ে ইশরাক হোসেন বলেন, "চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ বর্তমানে আন্দোলনের নামে যারা নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের কেউ কেউ এখন জ্বালানি ইস্যু নিয়েও আন্দোলন করতে চাইছেন।"
বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন প্রতিমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। যারা অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারা এখন নিজেদের আন্দোলনের অংশ হিসেবে দাবি করছেন—এমন বক্তব্যকে তিনি "হাস্যকর" বলে অভিহিত করেন।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।