সরকারি দপ্তরে বিদ্যুতের সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের আওতায় গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোর দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের একটি বড় অংশ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা প্রদান করা হয়।

পরিপত্র অনুযায়ী, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরগুলোতেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।