ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তালিকা বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিত ব্যক্তিরা এই কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলা প্রশাসন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নামের তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশের খবর ছড়িয়ে পড়লে বেলা একটার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিতরা ইউএনও কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের তালিকায় অন্তর্ভুক্ত করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। এই তালিকার বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার সময় ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি অফিসকক্ষের জানালা এবং কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। পরবর্তীতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে একটার দিকে পরিস্থিতি শান্ত করেন।

অবিলম্বে তালিকা বাতিলের দাবি জানিয়ে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া মুক্তকণ্ঠকে বলেন, "আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তালিকায় তাঁদের নামও আছে। এ কারণে দলীয় নেতা-কর্মী ও নিয়োগবঞ্চিত ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেছেন।"

বিষয়টি জানতে ফুলছড়ির ইউএনও মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।