‘নতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিক’—২০২৩ সালের ৭ নভেম্বর মুক্তকণ্ঠয় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেখানে অভিনয়শিল্পী সোহানা সাবা প্রেমের কথা স্বীকার করলেও প্রেমিকের পরিচয় প্রকাশ করেননি। এরপর সেই সম্পর্ক বিয়েতে গড়িয়েছে—এত দিন পর নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

সোহানা সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। দেড় বছরের বেশি সময় আগে তাঁদের বিয়ে হয়েছে।

এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার ছিল সোহানা সাবার। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন তিনি। ধীরে ধীরে নিজেকে সামলে নতুন করে জীবন গুছিয়েছেন—এই প্রক্রিয়ার মধ্যেই ফয়সালের সঙ্গে পরিচয় হয়।

সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। সেই সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করতে চাননি তিনি। শুধু জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে নিজেদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের পর কেমন কাটছে জীবন—এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’

স্বামীর পরিচয় প্রসঙ্গে শুরুতে নাম প্রকাশ করতে চাননি সোহানা সাবা। তিনি বলেছিলেন, ‘নাম না বলি, পেশায় সে ব্যবসায়ী। সে তাঁর অঙ্গনে বিখ্যাত।’ পরে কথার এক পর্যায়ে স্বামীর নাম ফয়সাল বলে জানান তিনি। তবে এর বেশি কিছু জানাননি।

সম্পর্কের শুরু ও বিয়ের সিদ্ধান্ত নিয়ে সোহানা সাবা আরও বলেন, ‘মনে হয়েছে, এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি এত দিন, প্রথম দেখাতেই। কিন্তু তাকে বা কাউকে সেটা বুঝতে দিইনি। সে-ই আমাকে নক করে ভালোবাসার কথা যখন জানায়, তখন তাকে “হ্যাঁ” বলেছি।’

বিয়ের খবরটি সোহানা সাবার ছেলে ইতিবাচকভাবে নিয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্যমতে, মায়ের নতুন জীবনের সঙ্গীকে ছেলে পছন্দ করেছে এবং বিয়ের খবরে সে বেশ খুশিও।

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সাবা একটা সময় বড় পর্দায় যাত্রা শুরু করেন। চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত কবরী পরিচালিত ‘আয়না’ ছবির শুটিং দিয়ে তাঁর বড় পর্দার জীবন শুরু হয়। তবে মুক্তির দিক দিয়ে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ এগিয়ে ছিল। ‘খেলাঘর’ মুক্তির পরের মাসে মুক্তি পায় ‘আয়না’। এরপর একে একে অভিনয় করেছেন ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’ ছবিতে।

ভারতে কাজ করেছেন ‘ষড়্‌রিপু’, ‘এপার–ওপার’ এবং আরেকটা নাম ঠিক না হওয়া সিনেমার। আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমাতেও অভিনয় করেছেন সাবা।