নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় নাইট্রোজেন গ্যাসবাহী একটি ট্যাংকারে লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে মোল্লা হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

বনপাড়া হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের বেনাপোল থেকে নাইট্রোজেন গ্যাস নিয়ে ট্যাংকারটি ঢাকার দিকে যাচ্ছিল। বনপাড়া বাইপাস এলাকার মোল্লা হোটেলের সামনে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্যাংকারটি ছিদ্র হয়ে যায়। এর ফলে ট্যাংকারে থাকা নাইট্রোজেন গ্যাস দ্রুত বের হয়ে চারপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

গ্যাস ছড়িয়ে পড়ার সাথে সাথে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত বনপাড়া হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামান বলেন, "প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ট্যাংকের সব গ্যাস বের হয়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।"