বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির তীব্র স্বল্পতার কারণে দেশজুড়ে প্রকট হয়ে উঠেছে লোডশেডিংয়ের সমস্যা। বিশেষ করে গ্যাসের সংকট পুরোপুরি কাটেনি এবং ব্যয়বহুল জ্বালানি তেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
পিডিবি ও পিজিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে প্রতিদিন সর্বোচ্চ তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রাজধানী ঢাকার বাইরের জেলাগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ, যেখানে মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকছে। তবে বৃষ্টির ফলে বিদ্যুতের চাহিদা কিছুটা কমলে সাময়িকভাবে স্বস্তি পাচ্ছেন নাগরিকরা।