কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া গ্রামের বাসিন্দা নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির জোড়া লাগানো যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের সম্পূর্ণ চিকিৎসা সরকারি খরচে করা হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এই ঘোষণা দিয়েছেন।

সোমবার রাত আটটার দিকে শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পরপরই স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে শিশুদের খোঁজখবর নেন।

সেখানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দারিদ্র্যের কারণে চিকিৎসা করাতে না পেরে শিশুটির মা–বাবা তাদের নিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন। পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর নির্দেশে আমি শিশুটির মা–বাবার সঙ্গে যোগাযোগ করি। তাঁদের আজ (সোমবার) চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে বলা হয়েছিল। তাঁর অনুরোধ তাঁরা রেখেছেন এবং আমি তাঁদের আশ্বস্ত করেছি যে শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে।"

চিকিৎসা প্রক্রিয়ার বিষয়ে সাখাওয়াত হোসেন জানান, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এবং প্রয়োজনে বাইরে থেকে চিকিৎসক এনে একটি বোর্ড গঠন করে শিশু দুটির চিকিৎসা চালানো হবে। তিনি আরও বলেন, "শিশু দুটির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।"

স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশু দুটির মা-বাবার সঙ্গে কথা বলা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে। এছাড়া হাতখরচ হিসেবে তাঁদের পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে।

তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই যমজ শিশুদের জন্ম হয়। নাহিদ ও সানজিদা দম্পতির আগে একটি পুত্রসন্তান রয়েছে।