সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ জন বাংলাদেশির পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকসন্তপ্ত এই পরিবারগুলোর জন্য বিশেষ মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন তিনি।

এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, পুলিশের বিশেষ শাখা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি এবং বিমান বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নিহতদের মরদেহ দ্রুত শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মরদেহ শনাক্তকরণের কাজ করবে। এরপর সৌদি কর্তৃপক্ষের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি ব্যবস্থাপনায় ও খরচে মরদেহগুলো দেশে আনা হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে নিহত ১৬ জনের প্রত্যেকের পরিবারকে এককালীন বিশেষ মানবিক অনুদান প্রদান করা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা বিশেষ অনুদান দেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। উল্লেখ্য, গত রবিবার ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়।